ঢাকা, রবিবার   ১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে  জননিরাপত্তা নিশ্চিতে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ১৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রায় দেড় হাজার বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে গোপালগঞ্জ শহরে প্রবেশ করেন। 

এ সময় পুলিশের ব্যারিকেড ও কয়েকটি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। মিছিলকে কেন্দ্র করে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেনি। দুপুরের পর থেকে শহরের পরিবেশ স্বাভাবিক হতে শুরু করে।

বিকালে সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ৬ প্লাটুন বা প্রায় ১৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, বিজিবির পাশাপাশি পুলিশ, এসআরবি, এপিবিএন ও আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করছেন। প্রয়োজনে আরও জনবল পাঠানোর প্রস্তুতি রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা সরকারি-বেসরকারি সম্পত্তিতে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জের নিরাপত্তায় ১ হাজার ৩৫০ জন কর্মকর্তা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে পর্যাপ্ত টহল দল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। 

এছাড়া সদর উপজেলাসহ জেলার চারটি উপজেলায় সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় পুলিশ কাজ করছে। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি